সংবাদ লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন।
সাহসী কণ্ঠ লক্ষ্যে আছি,পক্ষে নেইকুড়িয়ে পাওয়া ২৫ হাজার টাকার সোনার দুল থানায় জমা! সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বিদ্যালয়ে সংবর্ধিত অষ্টম শ্রেণির ছাত্রী অনিষা দেববর্মা।

সাহসী কন্ঠ প্রতিনিধি বিশ্রামগঞ্জ। কুড়িয়ে পাওয়া বহুমূল্য সোনার কানের দুল নিজের কাছে না রেখে সোজা থানায় জমা দিয়ে সততার এক নজির স্থাপন করল জম্পুইজলা ব্লকের চিকন ছড়া ভিলেজের গগন কোবড়া পাড়া এলাকার অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী অনিষা দেববর্মা। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী চড়িলাম বিদ্যা জ্যোতি স্কুলের হল ঘরে প্রার্থনা সভার পর বিদ্যালয়ের পক্ষ থেকে এই সততার স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে প্রিন্সিপাল মণিময় ভৌমিক অনিষার হাতে ফুলের তোড়া, খাতা, কলম ও ডাইরি তুলে দিয়ে তাকে সম্মানিত করেন। বিদ্যালয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর বিশ্রামগঞ্জ এম বাজারে দুর্গা পূজার জন্য জামা কিনতে গিয়ে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দামের একটি সোনার কানের দুল কুড়িয়ে পায় অনিষা। সে ইচ্ছা করলেই বহুমূল্য এই কানের দুলটি নিজের কাছে রেখে দিতে পারত, কিন্তু সততার পরিচয় দিয়ে সে বাবাকে সঙ্গে নিয়ে সোজা বিশ্রামগঞ্জ থানায় হাজির হয় এবং দুলটি পুলিশের হাতে জমা দিয়ে অনুরোধ করে যাতে প্রকৃত মালিকের হাতে সোনার দুলটি পৌঁছে দেওয়া হয়।। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল মণিময় ভৌমিক জানান যে অনিষা দেববর্মা তাঁদের স্কুলের গর্ব এবং তার এই সততায় তাঁরা সবাই মুগ্ধ, পাশাপাশি বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীকেও অনিষার এই আদর্শ অনুসরণ করে জীবনে চলার পরামর্শ দেন তিনি। অন্যদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে এমন সম্মান ও সংবর্ধনা পেয়ে ভীষণভাবে আনন্দিত ও আপ্লুত হয়েছে অষ্টম শ্রেণির এই কৃতি ছাত্রী, যার এই মহৎ কাজ পুরো এলাকাজুড়েই ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।